গাজীপুর : এমপিওভুক্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার (১৬ মে) সকালে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেন তারা।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের বিভিন্ন ডিগ্রি কলেজের নন-এমপিও অনার্স-মাস্টার্সের শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় এসে জড়ো হন। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনরত শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত সাড়ে পাঁচ হাজার নন-এমপিও অনার্স-মাস্টার্সের শিক্ষককে এমপিওভুক্তির দাবি জানান।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল বলেন, সারা দেশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক সকাল থেকে গাজীপুর বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
তিনি বলেন, বেসরকারি কলেজে বিধি মোতাবেক নিয়োগ পাওয়া প্রায় সাড়ে পাঁচ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে জনবলে অন্তর্ভুক্তি না থাকার অজুহাতে ২৯ বছর ধরে এমপিওভুক্তির বাইরে রাখা হয়েছে। প্রতিষ্ঠান থেকে শতভাগ বেতন দেওয়ার কথা থাকলেও অধিকাংশ কলেজ কর্তৃপক্ষ তা আমলে নেয় না। অথচ একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে সদ্য জাতীয়করণ করা কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকেরা ক্যাডার, নন-ক্যাডারভুক্ত হয়েছেন, ডিগ্রির তৃতীয় শিক্ষকদের জনবলে না থাকার পরও এমপিওভুক্ত করা হয়েছে। মাস্টার্সের সমমান বা কামিল শ্রেণির শিক্ষকেরাও এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স-মাস্টার্স শিক্ষকেরা অন্তর্ভুক্ত হতে পারছেন না। এটি চরম বৈষম্য এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
সোনালীনিউজ/এনএন







































