ফাইল ছবি
ঢাকা: চলতি সপ্তাহেই প্রকাশের সম্ভাবনা রয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল। এবার এই বৃত্তি পাবে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী। তাদের ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা বরাদ্দ করা হয়েছে। বোর্ড ভিত্তিক এ বৃত্তি বণ্টন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
মাউশির পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও মাসে ৪৫০ টাকা পাবে, আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবে। এই সুবিধা আগামী দুই বছর দেয়া হবে।
এর আগে গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
পিএস







































