ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শনিবার তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ।
তিনি জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর নিয়ম অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে উপাচার্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এখন বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ধাপগুলো সম্পন্ন করা হবে।
এর আগে জাতীয় নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি কাটছে এবং সার্বিক কার্যক্রমে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের একটি পর্যায়ে এসে তিনি মনে করছেন সরে দাঁড়ানোর সময় হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যেন হঠাৎ শূন্যতা তৈরি না হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ধারাবাহিকতায় বিঘ্ন না ঘটে—সে কারণে সরকার ও অংশীজনেরা প্রয়োজন মনে করলে কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টিও তিনি বিবেচনা করতে প্রস্তুত আছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাজনৈতিক সরকার চাইলে তার মতো করে প্রশাসন সাজাতে পারে, সে সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াতে চান। প্রয়োজনে সহযোগিতা করতেও প্রস্তুত আছেন বলেও জানান। পাশাপাশি দ্রুত ডেপুটেশন শেষ করে নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে ফেরার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
এসএইচ







































