• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসিতেও বড় রদবদল: একযোগে বদলি ১১২ কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:৩১ পিএম
ইসিতেও বড় রদবদল: একযোগে বদলি ১১২ কর্মকর্তা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন অপরাহ্ণে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এটিই কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের বড় পরিসরের প্রস্তুতি রয়েছে। মাঠ পর্যায়ের এই রদবদলকে সেই প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে একই দিনে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!