• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ করার প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬, ০৭:২৭ পিএম
শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ করার প্রস্তাব

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে মূল বেতনের ৬০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং শিক্ষা সেবার মান উন্নয়ন করা সরকারের দায়িত্ব। তবে অতীতে শিক্ষা খাতের উন্নয়নের তুলনায় অন্যান্য ভৌত অবকাঠামো খাতে বেশি অর্থ ব্যয় হওয়ায় শিক্ষার বাজেট সংকুচিত হয়েছে। এর ফলে শিক্ষকদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে বৈষম্য সৃষ্টি হয়েছে।

ডিও লেটারে আরও বলা হয়, বর্তমানে দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন। তারা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানো হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বছরে অতিরিক্ত ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৯৫ কোটি ৮০ লাখ টাকা প্রয়োজন হবে। অর্থাৎ মোট অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২৮৫ কোটি ৮০ লাখ টাকা।

শিক্ষা মন্ত্রণালয় মনে করছে, এই অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করা হলে শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন হবে এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। তাই ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!