নতুন শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নিয়ম ও সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
১৯ নভেম্বর জারি করা মাউশির নির্দেশনায় ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ভর্তির নিয়ম জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে হবে
(https://gsa.teletalk.com.bd) ওয়েবসাইটে।আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
একজন শিক্ষার্থী আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। পছন্দের ক্রমানুসারে বিদ্যালয় নির্বাচন করতে হবে। কোনো প্রতিষ্ঠানে দুই শিফট থাকলে উভয় শিফট পছন্দ করলে তা দুটি বিদ্যালয় পছন্দের সমতুল্য হিসেবে বিবেচিত হবে।
একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার নির্বাচনের সুযোগ নেই।
প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায়। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় লিখিত পরীক্ষা নেবে। পরীক্ষার আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময় ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে।
মাউশির নির্দেশনায় প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানকে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছে।
পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা-২০২৭ অনুযায়ী কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করতে হবে।
ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট ভর্তি ও পরিবীক্ষণ কমিটির তত্ত্বাবধানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানা যাবে মাউশির ওয়েবসাইট
(https://www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে।এম







































