• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইলহাম ইসলামিক স্কুলে কুরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৬, ০৭:৪৯ পিএম
ইলহাম ইসলামিক স্কুলে কুরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি : সোনালীনিউজ

ঢাকা: কুরআনিক শিক্ষার প্রসার, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ইলহাম ইসলামিক স্কুলের নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের কুরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ইলহাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়। একই সঙ্গে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজ ফাহাদ হোসেনকে পাগড়ী পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মুহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইলহাম ইসলামিক স্কুলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এএফএম নুরুদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলহাম ইসলামিক স্কুলের সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব ওবায়দুল্লাহ তারেক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলহাম ইসলামিক স্কুলের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান সাইয়্যেদ মুহাম্মদ রুবেল এবং সাবেক বিমান বাহিনী কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. আহমেদ আলী।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন হিফজ বিভাগের ইনচার্জ শায়খ ক্বারী আবু ইউসুফ। এ ছাড়া বক্তব্য রাখেন স্কুলের সিইও রমজান আলী এবং প্রধান শিক্ষক হারুন উর রশিদ।

 অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাংবাদিক নিয়াজ মাহমুদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ হেদায়েত। কুরআন শিক্ষা অর্জন একজন মুসলিমের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু কুরআন মুখস্থ করাই যথেষ্ট নয়, বরং এর শিক্ষা, আদর্শ ও নির্দেশনা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একজন হাফেজে কুরআন পরিবার ও সমাজের জন্য গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তোলার পাশাপাশি কুরআনের আদর্শকে চরিত্র ও আচরণে ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের আয়োজনের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে ওবায়দুল্লাহ তারেক বলেন, পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং এটি মানবজীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। কুরআনের শিক্ষা একটি শিশুর জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিকতাপূর্ণ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সহায়তা করা নয়, বরং তাদের কুরআনের আলোয় আলোকিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে ইলহাম ইসলামিক স্কুল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের এ অর্জনে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

প্রধান মেহমানের বক্তব্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এএফএম নুরুদ্দিন দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি আদর্শ জাতি গঠনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই। শিশুদের ছোটবেলা থেকেই কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজ ফাহাদ হোসেনকে পাগড়ী পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান। এ সময় উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি ৩০ জন শিক্ষার্থীর কুরআন সবক গ্রহণ অনুষ্ঠানকে আনন্দঘন ও আবেগময় করে তোলে।

অনুষ্ঠানে বক্তারা কুরআনিক শিক্ষার প্রসার, নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কুরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে নৈতিকতা, ইসলামিক মূল্যবোধ এবং মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে ইলহাম ইসলামিক স্কুলের এ আয়োজন উপস্থিত সবার মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

এসআই

Link copied!