• ঢাকা
  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩১, ২০২৬, ১০:৫৭ এএম
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এইচএসসিতে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন।

অন্যদিকে মাদরাসায় আলিমে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

জানা গেছে, চলতি বছর ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন পাশ করেছে। ছেলেদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ। আর পাস করা ছেলে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৩৬৩ জন। এদিকে ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ উত্তীর্ণের হার ৫৬.৩১ শতাংশ। উত্তীর্ণ মেয়ে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৭২১ জন।

চলতি বছর আলিম পরীক্ষায় ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন আর ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন। পরীক্ষায় ২৯ হাজার ২৬৯ ছাত্র আর ২৫ হাজার ২৭৮ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী বা ৬১.০৭ শতাংশ পাস করেছে। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৫০ শিক্ষার্থী। এর মধ্যে ছেলেরা ২ হাজার ২৮ আর মেয়েদের মধ্যে ১ হাজার ২২২ জন জিপিএ ৫ পেয়েছে।

দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর আড়াই মাসের প্রতীক্ষার অবসান ঘটছে। এবারের রাজশাহীতে ৪৫.০৬, কুমিল্লায় ৪৮.০৪, যশোরে ৪৪.৯২, চট্টগ্রামে ৫২.০৭, বরিশালে ৪৪.৮৪, সিলেটে ৫০.৯০, দিনাজপুরে ৪৫.৯৮, ময়মনসিংহে ৫১.৪৪, মাদরাসা শিক্ষা বোর্ডে ৬১.০১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩।

শিক্ষামন্ত্রী জানান, এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

পিএস

Link copied!