• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইআরজিসির দাবি

দুইদিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ৩, ২০২৬, ১০:৫০ পিএম
দুইদিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর প্রথম দুই দিনে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর হামলায় অন্তত ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি ও নৌ-সম্পদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বাইহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর একাধিকবার হামলার শিকার হয়েছে। একটি নির্দিষ্ট হামলায় প্রায় ১৬০ মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

আইআরজিসির দাবি, ইরানের নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন কমব্যাট সাপোর্ট জাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানানো হয়েছে। হামলার পর রণতরীটি ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে গেছে বলেও দাবি করেন নায়েইনি।

ইরানি বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। তবে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সংক্রান্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যায়নি।

উল্লেখ্য, আইআরজিসির এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

এম

Wordbridge School
Link copied!