• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৪৪ এএম
রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা আগে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।

রয়টার্সের ভিডিও ও ছবিতে রিয়াদের ওই এলাকায় কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা গেছে। সামনে ছিল বিমানবন্দরের মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবনসহ বিভিন্ন স্থাপনা। একপর্যায়ে জ্বালানি সংরক্ষণের ট্যাংকের মতো দেখতে স্থাপনার পেছন থেকে আগুনের শিখা উঠতেও দেখা যায়।

হুতিরা জানায়, রিয়াদের পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের একটি আরামকো স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র।

তারা জানায়, ইয়েমেনের রাজধানী সানায় চালানো হামলার জবাব হিসেবে তারা এই অভিযান চালিয়েছে।

ইরান-সমর্থিত হুতিরা গত জুলাই থেকে সৌদি আরবে একের পর এক হামলা চালিয়ে আসছে। 

এদিকে হুতিদের হামলার আগে সৌদি আরব রাতভর সতর্কবার্তা জারি করে রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে।

সৌদি নেতৃত্বাধীন হুতিবিরোধী সামরিক জোট জানায়, শনিবার ভোরে রিয়াদ লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহর লক্ষ্য করে চালানো আরও কয়েকটি হামলাও ঠেকানোর দাবি করেছে জোটটি।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই আল জাজিরাকে জানান, যুদ্ধ শেষ করার বিষয়ে তেহরানের শর্ত কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোয়াইট হাউসে পৌঁছে দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের জব্দ করা সম্পদ ছাড় এবং ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার।

এসআই

Link copied!