ছবি : সংগৃহীত
ঢাকা: গত শনিবার ইরানে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত দেশটিতে ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গত শনিবার হঠাৎ ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নিহত হয়েছে। এছাড়াও একটি স্কুলে ইসরায়েলের হামলায় ১৭০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারিয়েছে।
এরপর ইরান ইসরায়েলে এবং আশেপাশের দেশগুলোতে মার্কিন ঘাটি লক্ষ্য করে হামলা শুরু করে। এভাবে গত সাত দিন ধরে হামলা আর পাল্টা হামলায় অস্থিরতা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেন কোলিভান্দ এ তথ্য জানিয়েছেন।
কোলিভান্দ আরও জানান, ঘরবাড়ি ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা কেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোলিভান্দ উল্লেখ করেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর বেশির ভাগই ছিল ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা’।
যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই হামলায় ইরানে ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছে বলে রের্ড ক্রিসেন্টের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে।
পিএস







































