• ঢাকা
  • শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব, যা বললো ইরান


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৪, ২০২৬, ০৫:২৫ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব, যা বললো ইরান

ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চেয়ে গত ২ এপ্রিল তৃতীয় এক দেশের মাধ্যমে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান তাতে রাজি হয়নি।

এ সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ খবর দেয় আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা ফারস।

“গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র এক বন্ধু দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ক্রমবর্ধমান উত্তেজনা ও এই অঞ্চলে মার্কিন বাহিনী ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ার পর এ প্রস্তাব আসে,” বলেছে সূত্রটি।

ইরান ওই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, তার বদলে ভারী আক্রমণ অব্যাহত রেখে ‘মাঠেই’ উত্তর পৌঁছে দিয়েছে, জানায় বার্তা সংস্থাটি।

কোন ‘বন্ধু’ দেশ এ প্রস্তাব নিয়ে এসেছিল, তা জানায়নি তারা।

“যুদ্ধ বন্ধে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা তীব্রতর হয়েছে, বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সেনা ডিপোতে হামলার খবরের পর,” বলেছে সূত্রটি।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল আকাশপথে ইরানে হামলা শুরু করার পর তেহরানও উপসাগরের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা আক্রমণে নামে।

মার্কিন-ইসরায়েলে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা প্রাণ হারালেও তেহরান প্রায় ছয় সপ্তাহ ধরে প্রায় সমান তালেই লড়াই চালিয়ে যাচ্ছে। আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতাবা খামেনি দেশটির শীর্ষ নেতা হলেও তাকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি।

তেহরানের পাল্টা হামলায় ইসরায়েল ও তাদের দখলে থাকা এলাকার সামরিক স্থাপনাগুলো এবং উপসাগরের বিভিন্ন দেশের মার্কিন সেনাঘাঁটি ও স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এ সংঘাত এরই মধ্যে বিশ্বের জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। দেশে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার দামও বাড়ছে।

এসআই

Wordbridge School
Link copied!