ছবি : সংগৃহীত
ঢাকা: হরমুজ প্রণালীর ওপর থেকে ‘নিখোঁজ’ হয়েছে মার্কিন বাহিনীর সবচেয়ে দামি নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’। আকাশে জরুরি সতর্কতা ঘোষণার কিছুক্ষণ পরই শুক্রবার (১০ এপ্রিল) ড্রোনটি নিখোঁজ হয়।
জানা গেছে, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে প্রায় তিন ঘণ্টা নজরদারির পর ইতালির সিগোনেলা নৌ বিমান ঘাঁটিতে ফিরছিল বলে ধারণা করা হচ্ছে।
অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বলছে, ড্রোনটি ইরানের দিকে সামান্য মোড় নেয়ার পর ৭৭০০ (সাধারণ জরুরি অবস্থার জন্য) কোড পাঠিয়ে নিচে নামতে শুরু করে। চালকবিহীন বিমানটিকে ‘অদৃশ্য’ হওয়ার আগে দ্রুত উচ্চতা হারাতে দেখা যায়।
ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি গুলি করে ভূপাতিত করা হয়েছে, তা স্পষ্ট নয়।
জানা যায়, এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটির মূল্য ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারেরও বেশি এবং এটিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেন্ট্রাল কমান্ড এলাকার জন্য মোতায়েন করা হয়েছিল।
প্রচলিত আকাশযান থেকে ভিন্ন, ট্রাইটন সংকীর্ণ জলপথের ওপর দীর্ঘক্ষণ ধরে কৌশলগত নজরদারি করতে সক্ষম। এটি অবিরাম ও বৃহৎ পরিসরের সামুদ্রিক নজরদারির জন্য নির্মিত এবং প্রায়শই পি-৮এ পোসাইডন টহল বিমানের ‘চোখ’ হিসেবে কাজ করে।
পিএস







































