• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধস


আন্তর্জাতিক ডেস্ক মে ১৯, ২০২৬, ০৮:২১ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধস

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনার কারণে স্বর্ণবাজারে ধস নেমেছে। মঙ্গলবার (১৯ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০.৬ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৫৩৯ দশমিক ৫৪ ডলারে। এর আগে সোমবার দাম নেমে ৪ হাজার ৪৭৯ দশমিক ৫৪ ডলারে পৌঁছায়, যা গত ৩০ মার্চের পর সর্বনিম্ন।

এদিকে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৫৪৩ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। বিশেষ করে পারস্য উপসাগরকে কেন্দ্র করে অচলাবস্থার জেরে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে ফেড আরও কড়া মুদ্রানীতি নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত ব্যাহত হওয়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম এখনও ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে রয়েছে। যদিও মঙ্গলবার তেলের দামে সামান্য পতন হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ১০ বছরের ট্রেজারি বন্ডের ফলনও এক বছরের বেশি সময়ের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। উচ্চ সুদের হার ও বন্ডের ফলন বৃদ্ধির কারণে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

স্বর্ণের সাথে সাথে মূল্যবান অন্যান্য ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ২.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫.৮৬ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।

পিএস

Link copied!