ছবি: সংগৃহীত
বল মাঠের বাইরে গড়িয়ে যাওয়ার পর থ্রো-ইন করতে হাতে বল তুলে নিয়েছিলেন লিওনেল মেসি। এরপরই ঘটে নাটকীয় ও বিতর্কিত ঘটনা। সামনে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ ফুটবলার গঞ্জালো তাপিয়ার মুখে প্রথমে বল দিয়ে ধাক্কা মারেন আর্জেন্টাইন মহাতারকা; পরক্ষণেই বল ছুড়ে মারেন তাঁর মাথায়। এমন আচরণের পরও লাল কার্ড এড়িয়ে গেছেন মেসি।
এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে প্রথমার্ধের শেষ মুহূর্তে এই ঘটনা ঘটে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো তাপিয়া।
বিরতির ঠিক আগে সীমানার বাইরে থেকে দ্রুত থ্রো-ইন নিতে যাচ্ছিলেন মেসি। ঠিক তখনই পাশে থাকা কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার তাপিয়া তাঁকে থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন। একপর্যায়ে মেসি বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন। এরপর তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে সরাসরি তাঁর মাথায় বল ছুড়ে মারেন মেসি। বল মাথায় লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন তাপিয়া, আর মেসি দুই হাত তুলে রেফারির কাছে উল্টো ফাউলের আবেদন জানান।
মেসির এই আচরণ ভালোভাবে নেননি রেফারি অ্যালেন চ্যাপম্যান। তবে তিনি মেসিকে সরাসরি লাল কার্ড না দেখিয়ে তাপিয়া ও মেসি—দুজনের কপালেই হলুদ কার্ড ঝুলিয়ে দেন।
ওই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাপিয়া নিজেও। তাঁর দাবি, কলম্বাসের সমর্থকদের ‘রোনালদো তোমার চেয়ে ভালো’ স্লোগানেই ক্ষুব্ধ ছিলেন মেসি। তাপিয়া বলেন, পরিস্থিতি উল্টো হলে এবং তিনি মেসিকে আক্রমণ করলে শতভাগ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতো।
মেসিকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে উল্লেখ করে কলম্বাসের এই স্ট্রাইকার আরও বলেন, ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত, কিন্তু বাস্তবে তা নেই। তাঁর অভিযোগ, সদ্য সমাপ্ত বিশ্বকাপেও প্রতিপক্ষের তুলনায় মেসিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।
এদিকে মেসির লাল কার্ড না পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভক্ত হয়ে পড়েছেন ফুটবলপ্রেমীরা। অনেকের মতে, মেসির জায়গায় অন্য কোনো ফুটবলার এমন কাণ্ড ঘটালে সরাসরি লাল কার্ড দেখতেন।
এসএইচ







































