ফাইল ছবি
ইয়েমেনজুড়ে সৌদি আরবের চালানো বিমান হামলায় ১১ শিশু ও ৭ নারীসহ ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে। একই সময়ে দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ শনিবার বার্তা সংস্থা সিনহুয়া এ সংবাদ প্রকাশ করেছে।
হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আল-মাসিরাহ টিভি জানিয়েছে, বিমান হামলায় তিন শিশুসহ আরও ২৮ জন আহত হয়েছেন। তবে ঠিক কোন কোন স্থানে এই হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গতকাল এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, তাঁদের গোষ্ঠী সৌদি আরবের জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং জাজান বন্দরকে লক্ষ্যবস্তু করেছে। সেখানে সরাসরি ও নিখুঁত আঘাত হানা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে হুতিদের এই দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হামলার কারণ ব্যাখ্যা করে ইয়াহিয়া সারিয়া বলেন, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ ও লোহিত সাগর তীরবর্তী মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে সৌদি হামলার পাশাপাশি গতকাল ভোরে হুদাইদাহ বন্দরে চালানো হামলার জবাবে তাঁরা এই আক্রমণ চালিয়েছেন। ইয়েমেনের বন্দর বা বিদ্যুৎ স্থাপনাগুলোতে পুনরায় কোনো হামলা চালানো হলে সৌদি আরবের অনুরূপ স্থাপনাগুলোতে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানা হবে বলে সতর্ক করেন তিনি।
এদিকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে এবং সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। তবে জোটের পক্ষ থেকে কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলার মাঝেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। বর্তমানে উভয় পক্ষই একাধিক ফ্রন্টে একে অপরের ওপর আক্রমণ জোরদার করেছে। সাম্প্রতিক দিনগুলোতে হুতিরা সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা এবং অন্যান্য কৌশলগত লক্ষ্যবস্তুতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। অন্যদিকে হুতি গণমাধ্যমগুলো ইয়েমেনজুড়ে আবাসিক এলাকা ও অবকাঠামোর ওপর সৌদি বিমান হামলা বৃদ্ধির খবর জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের শেষের দিকে হুতিরা রাজধানী সানা এবং উত্তর ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেওয়ার পর থেকে দেশটি ভয়াবহ সংঘাতে জর্জরিত। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ শুরু করে।
এসএইচ







































