• ঢাকা
  • শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৬, ০৭:৩৭ পিএম
মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস। এতে দলের শীর্ষ নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ বিরোধী জোটের একাধিক সাংসদ অংশ নেন।

মঙ্গলবার অনুষ্ঠিত এই বিক্ষোভে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে কংগ্রেস। দলটির অভিযোগ, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিক বলপ্রয়োগ করেছে।

বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষা-সংক্রান্ত বিষয় নিয়ে সংসদে আলোচনার জন্য সরকারের প্রস্তুতির কথা জানান। তবে কংগ্রেস জানায়, আলোচনার আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে তারা সরে আসবে না।

এদিকে বিক্ষোভস্থল থেকে রাহুল গান্ধীসহ কয়েকজন বিরোধী সাংসদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এতে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভে এনসিপি (এসপি)-এর সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবসহ বিরোধী জোটের আরও কয়েকজন নেতা সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘প্রধানমন্ত্রী মোদি মনে করেন, তিনি জবাব না দিয়েই পার পেয়ে যাবেন। কিন্তু এবার তা হবে না।’

পিএস

Link copied!