• ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২৬, ০৭:৫৭ পিএম
স্বর্ণের দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের মূল্য যেন একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে। গত কয়েক বছরে বিশ্ববাজারে এই ধাতুর দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। মাঝেমধ্যে বাজারদরে সামান্য ওঠানামা দেখা গেলেও দীর্ঘমেয়াদে স্বর্ণের মূল্য বৃদ্ধির এই প্রবণতা অত্যন্ত স্পষ্ট। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ১,৫৮৫ মার্কিন ডলার, যা বর্তমানে রেকর্ড ভেঙে ৪,৫০০ ডলারেরও বেশি মূল্যে কেনাবেচা হচ্ছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

অর্থনীতিবিদদের মতে, বিশ্বব্যাপী চলমান মুদ্রাস্ফীতির প্রভাবে সাধারণ অর্থের ক্রয়ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। ফলে বিশ্বজুড়ে মানুষ এখন এমন নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজছেন, যা তাদের মূল সম্পদের প্রকৃত মূল্য ধরে রাখতে পারে। সাধারণত ব্যাংকে অর্থ জমা রাখলে নির্দিষ্ট সুদ বা মুনাফা মিললেও, বর্তমানে বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। ফলশ্রুতিতে ক্ষুদ্র ও বৃহৎ বিনিয়োগকারীরা সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকেই বেশি ঝুঁকছেন এবং চাহিদা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই এর দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদদের সাম্প্রতিক এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন মার্কিন ডলারের বিকল্প হিসেবে ক্রমেই তাদের স্বর্ণের মজুত বাড়াতে শুরু করেছে। বিশেষ করে চীন, রাশিয়া, ভারত ও তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো বিশ্ববাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ কিনে মজুত করছে। বাজার বিশ্লেষকদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার এই বিশ্বব্যাপী প্রবণতা যদি আগামীতেও অব্যাহত থাকে, তবে ২০৩১ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮,০০০ মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমান বাজার মূল্যের তুলনায় প্রায় দ্বিগুণ।

এসএইচ 
 

Link copied!