ছবি : সংগৃহীত
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং লাশ উদ্ধার করা হয়। এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে অপ্রতিম হত্যাকাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে মামলার অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আটকদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয়, বন্ধুত্ব ও নিয়মিত উঠাবসা ছিল। তারা প্রায়ই একসঙ্গে আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইফোনটিও উদ্ধার করা হয়েছে। ফোনটি প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে পাওয়া গেছে। পাশাপাশি মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।
তিনি বলেন, আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কাজ চলছে।
পিএস







































