ফাইল ছবি
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। লোহিত সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ এবং বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মদদ ও গোয়েন্দা সহায়তায় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই অভিযান শুরু হতে পারে।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগর উপকূল ধরে দ্রুত এগিয়ে কৌশলগত পয়েন্টগুলোর নিয়ন্ত্রণ নেয় হুতিরা। রিয়াদের তদারকি ও সৌদি বিমান বাহিনীর সহায়তায় ইয়েমেনি সেনাদল এই স্থল অভিযানের নেতৃত্ব দেবে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হুতিদের এই অগ্রযাত্রা রুখে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।
বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের হাতে রেখে তাদের সঙ্গে নতুন কোনো শান্তি আলোচনায় যেতে নারাজ সৌদি নেতৃত্ব।
অভিযানের পরিকল্পনা দুটি বিকল্পের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। প্রথম বিকল্প অনুযায়ী বাব আল-মানদেব প্রণালির আশপাশের নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে হামলা চালানো হতে পারে।
দ্বিতীয় এবং বিস্তৃত বিকল্পটিতে আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ ইয়েমেনের একাধিক অঞ্চলে একযোগে সমন্বিত হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। অভিযানের ব্যাপ্তি অনুযায়ী এতে লক্ষাধিক ইয়েমেনি সেনা মোতায়েন করা হতে পারে।
২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপের পর ২০২২ সাল থেকে দেশটিতে একধরনের যুদ্ধবিরতি বজায় ছিল। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার জেরে হুতিরা সৌদি আরবের তেল অবকাঠামো ও জাহাজ লক্ষ্য করে হামলা বাড়ালে পরিস্থিতির অবনতি ঘটে।
পশ্চিমা কূটনীতিকদের মতে, এবারের অভিযান ২০১৫ সালের মতো দীর্ঘস্থায়ী বা সর্বাত্মক না হয়ে নির্দিষ্ট ভূখণ্ড উদ্ধারে সীমিত পরিসরে হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মাঝে হুতিদের বিরুদ্ধে এই নতুন সামরিক পদক্ষেপ অঞ্চলটিতে নতুন করে বড় ধরনের উত্তেজনার জন্ম দিতে পারে।
এসএইচ







































