ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা এক ভিডিওবার্তায় এ কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, এক দশকের বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছি। তাদের কার্যকলাপ সম্পর্কে ভালোভাবে জানি।
রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত ডোভালের মতো ব্যক্তিরা ধীরে ধীরে চাপে পড়ছেন। তিনি বলেন, ‘আমরা তাদের ঘিরে ধরছি।’
বিক্ষোভকারীদের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করলেও পিছু হটব না।
তিনি আরও বলেন, ‘আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।’
রাহুল গান্ধীর দাবি, প্রয়োজনীয় তথ্য তাঁদের হাতে রয়েছে। ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর অক্ষুণ্ন রাখতে তাঁরা কাজ করবেন।
ভারতের তরুণদের উদ্দেশে কংগ্রেস নেতা বলেন, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, যারা সংবিধানের ওপর আঘাত হেনেছেন, তাদের পরাজিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
গত ১০ থেকে ১৫ বছরে ভারতের সঙ্গে যা ঘটেছে, ভবিষ্যতে যেন আর কখনো তা না ঘটে, সেটি নিশ্চিত করার কথাও বলেন রাহুল গান্ধী।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএইচ







































