• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৪, ২০২৬, ০৮:১৪ এএম
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ

যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেয়ায় দেশজুড়ে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) ত্রুটি দেখা দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর রয়টার্স।  ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন সিদ্ধান্ত নেয়া হলো। এ ঘটনায় বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। আকাশে থাকা হাজার হাজার উড়োজাহাজকে অবতরণের অনুমতি দেয়া হলেও মাটিতে থাকা উড়োজাহাজগুলোকে উড্ডয়ন করতে দেয়া হয়নি। এ পরিস্থিতির প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়ে। কানাডা ও ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, যোগাযোগব্যবস্থার এই বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এটি আমাদের বিরুদ্ধে কোনো উদ্দেশ্যপ্রণোদিত হামলা। আপাতত এটি একটি টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।’

মুলিন বলেন, ‘জনগণের ভয় পাওয়া বা স্বজনদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি আরেকটি ৯/১১ নয়।’

তিনি জানান, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাসহ সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা ধরনের চাপ ও সংকট চলছে। যন্ত্রপাতি ও যোগাযোগব্যবস্থার ত্রুটি, নিয়ন্ত্রককর্মীর সংকট এবং পুরোনো অবকাঠামোর কারণে এ খাতের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সর্বশেষ এই বিপর্যয় দেশটির বিমান চলাচলব্যবস্থার দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

এফএর বিমান চলাচল নিয়ন্ত্রণ প্রযুক্তির বড় একটি অংশ কয়েক দশক পুরোনো। গত সপ্তাহে সংস্থাটি জানিয়েছিল, দেশজুড়ে ৪০০টির বেশি স্থাপনায় আবহাওয়াসংক্রান্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহে ব্যবহৃত ফ্লপি ডিস্ক ২০২৮ সালের শেষ নাগাদ পর্যায়ক্রমে ব্যবহার থেকে সরিয়ে নেয়া হবে।

শুক্রবার বোস্টন থেকে সিয়াটল, নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস—যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভিড় দেখা যায়। বিমানবন্দরের প্রস্থান লাউঞ্জ ও এয়ারলাইনসের কাউন্টারগুলোতে যাত্রীরা অপেক্ষা করতে থাকেন। ফ্লাইটের তথ্য প্রদর্শনকারী বোর্ডগুলোতে একের পর এক বিলম্ব ও বাতিলের ঘোষণা আসতে থাকে। উড়োজাহাজগুলোও বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে থাকে।

নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দর থেকে শুক্রবার রাতে লন্ডন যাওয়ার অপেক্ষায় ছিলেন ৪৭ বছর বয়সী লুইস মাহের। তাঁর ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটি বিলম্বিত হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। তবু ফ্লাইটের অপেক্ষায় ছিলেন তিনি। মাহের বলেন, ‘একপর্যায়ে হয়তো আমি কেঁদে ফেলব, তবে এখনো নয়।’

এদিকে উড্ডয়ন বন্ধের কারণে অবতরণ করা উড়োজাহাজগুলোও রানওয়ের পাশের ট্যাক্সিওয়েতে আটকে পড়ে। বিমানবন্দরের গেটগুলো পূর্ণ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিমান সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, এফএএ কখন উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি। তবে কিছু এলাকায় যোগাযোগব্যবস্থার সমস্যার উন্নতি হচ্ছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

বিশ্বের সবচেয়ে ব্যস্ত আকাশপথগুলোর একটি যুক্তরাষ্ট্রের বিমান চলাচলব্যবস্থা সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বিপর্যয়ের মুখে পড়েছে। এসব ঘটনায় ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরে আকাশে দুটি উড়োজাহাজের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।

যুক্তরাষ্ট্রের পুরোনো বিমানবন্দর ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে আরও ৩০১০ কোটি ডলার বরাদ্দ দিতে শুক্রবার কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস ও দেশটির পরিবহন বিভাগ।

এফএএ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০টা ৫৪ মিনিট) দেশজুড়ে উড্ডয়ন বন্ধের ঘোষণা দেয়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই নির্দেশ জারির সময় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর উদ্দেশে আকাশে ছিল ৪ হাজার ৪২টি উড়োজাহাজ।

এর কিছুক্ষণ আগে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগব্যবস্থায় সমস্যার কারণে শিকাগোতে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল এফএএ।

বিমান চলাচল বিশ্লেষক ও আর ডব্লিউ মান অ্যান্ড কোম্পানির প্রধান রবার্ট মান বলেন, ‘যদি সন্ধ্যা পর্যন্ত উড্ডয়ন বন্ধ থাকে, তাহলে বিমান সংস্থাগুলোর ফ্লাইট নেটওয়ার্কে সৃষ্ট বিপর্যয় সামাল দিতে সম্ভবত পুরো সপ্তাহান্ত লেগে যাবে।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রে এর আগে একবারই দেশজুড়ে উড্ডয়ন বন্ধ করা হয়েছিল। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ দুই ঘণ্টারও কম সময়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রেখেছিল।

এদিকে চলতি মাসে ইউরোপজুড়ে ভুয়া বোমা হামলার হুমকির ঘটনায় কয়েক ডজন যাত্রীবাহী ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি উড়োজাহাজকে নির্ধারিত গন্তব্যের বাইরে অবতরণ করতে হয়েছে। পাশাপাশি যুদ্ধবিমান দিয়ে কিছু উড়োজাহাজকে পাহারা দেয়া বা গতিরোধ করার ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

এম

Link copied!