• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিল দূতাবাস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০২৬, ০২:০৫ পিএম
মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিল দূতাবাস

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ভিসা এবং এর শর্ত মেনে চলার বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দেশটিতে ভ্রমণকারী কোনো বিদেশি নাগরিক যদি চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সরকারের কোনো আর্থিক সহায়তা বা অনুদান নেন, তবে তা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে। এমনকি এই ভুলের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে অযোগ্য বা নিষিদ্ধ হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি।

শনিবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

দূতাবাসের পক্ষ থেকে ভ্রমণকারীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ভিসার সঠিক ব্যবহার এবং এর প্রতিটি শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। ভ্রমণের পরিকল্পনা করার আগেই সব নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবরের এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছিল, ভ্রমণকারীদের অবশ্যই তাঁদের পাসপোর্টের 'অ্যাডমিট আনটিল ডেট' বা অনুমোদিত শেষ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে আসতে হবে। নিজের নির্দিষ্ট সময়সীমা যাচাই করতে আই-৯৪ সংক্রান্ত নির্দিষ্ট ওয়েবসাইট (i94.cbp.dhs.gov) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া গত ২৮ অক্টোবরের আরেকটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, সাধারণ বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় কেবল ব্যবসায়িক বৈঠক, সভা কিংবা চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চাকরি বা কোনো ধরনের কাজ করতে চাইলে সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পরিকল্পনা থাকলে এসব নিয়ম কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এসএইচ 

Link copied!