• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কারিগরি থেকে পাস করা প্রতি ৩ জনে ১ জন বেকার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৬, ০৯:৪৫ পিএম
কারিগরি থেকে পাস করা প্রতি ৩ জনে ১ জন বেকার

ফাইল ছবি

দেশে দক্ষ জনশক্তি তৈরির অন্যতম প্রধান মাধ্যম কারিগরি শিক্ষা নিজেই নানামুখী সংকটে জর্জরিত। প্রশিক্ষণ শেষে বের হওয়া প্রতি তিনজনের একজনের বেশি কর্মহীন বা বেকার থাকছেন। একই সঙ্গে আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থী ভর্তি এবং বাড়ছে ঝরে পড়ার হার। তীব্র শিক্ষকসংকট, অপ্রতুল বাজেট বরাদ্দ ও মান্ধাতার আমলের প্রশিক্ষণ সরঞ্জামের কারণে ব্যাহত হচ্ছে হাতে-কলমে শিক্ষা। ফলে শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির মূল লক্ষ্যই এখন বড় চ্যালেঞ্জের মুখে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ‘এ কমপ্রিহেনসিভ স্টাডি অন টিভেট স্কিলস ম্যাপিং’ শীর্ষক এক গবেষণায় কারিগরি শিক্ষার এই নাজুক চিত্র উঠে এসেছে। টেকসই উত্তরণ প্রকল্পের আওতায় পরিচালিত এ গবেষণায় ১১৯ জন কারিগরি স্নাতকের ওপর জরিপ চালানো হয়, যেখানে ৩৫ শতাংশই কর্মহীন বলে তথ্য মিলেছে। যদিও এটি জাতীয় পর্যায়ের বেকারত্বের হার নয়, তবে খাতটির করুণ অবস্থার স্পষ্ট ইঙ্গিত দেয়।

গবেষণার তথ্য অনুযায়ী, পাঁচ বছরের ব্যবধানে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী কমেছে ৭১ হাজার ১৯৬ জন বা ১৪ দশমিক ৬ শতাংশ। ২০১৯-২০ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও ডিপ্লোমা পর্যায়ে মোট শিক্ষার্থী ছিল ৪ লাখ ৮৮ হাজার ৫৫২ জন, যা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নেমে এসেছে ৪ লাখ ১৭ হাজার ৩৫৬ জনে। এর মধ্যে এইচএসসি পর্যায়ে শিক্ষার্থী কমেছে সবচেয়ে বেশি। ডিপ্লোমা ও এসএসসি পর্যায়েও শিক্ষার্থী কমার ধারা অব্যাহত রয়েছে।

ভর্তির পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী মাঝপথে ঝরে পড়ছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০২৩ সালের প্রতিবেদন উদ্ধৃত করে গবেষণায় বলা হয়েছে, এইচএসসি ভোকেশনাল পর্যায়ে ঝরে পড়ার হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ, যা সাধারণ এইচএসসির (১৯ দশমিক ৪ শতাংশ) তুলনায় দ্বিগুণেরও বেশি। এ ছাড়া এসএসসি ভোকেশনালে ২৯ শতাংশ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ৭ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে। এর পেছনে আর্থিক সংকটকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকট এখন প্রকট। ২০২১ সালে অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক পদ শূন্যের হার ছিল ৪১ দশমিক ৬৪ শতাংশ, যা পরের বছর অর্থাৎ ২০২২ সালে প্রায় দ্বিগুণ বেড়ে ৮১ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। ৫০টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ১ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত শিক্ষক আছেন মাত্র ১ হাজার ৪২৬ জন। অর্থাৎ প্রতি ১০৮ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র একজন। ১০৭টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ অনুপাত ১:৬৩। অথচ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই অনুপাত ১:১৫ হওয়া প্রয়োজন।

অর্থায়নের ক্ষেত্রেও চরম বৈষম্যের শিকার কারিগরি শিক্ষা। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল জিডিপির ০.১ শতাংশেরও কম। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মোট বাজেটের ৬০ শতাংশ মাদ্রাসায় এবং ৪০ শতাংশ কারিগরিতে ব্যয় হয়। এর মধ্যে সরকারি পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো সরাসরি পায় বিভাগের বাজেটের মাত্র ১০ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের তথ্যমতে, বুয়েটে একজন শিক্ষার্থীর পেছনে বছরে যেখানে ৩ লাখ ১৪ হাজার ৪৭৮ টাকা ব্যয় হয়, সেখানে সরকারি পলিটেকনিকে ব্যয় হয় মাত্র ২৭ হাজার ৯১১ টাকা, যা প্রায় ১১ ভাগের এক ভাগ।

প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের চিত্রও হতাশাজনক। জরিপে অংশ নেওয়া স্নাতকদের ৬৫ শতাংশ কর্মসংস্থানে যুক্ত হতে পারলেও তাঁদের মাত্র ৩ শতাংশ স্বনিয়োজিত। চাকরি পাওয়া ব্যক্তিদের ২২ শতাংশের কর্মসংস্থান হতে দুই বছরের বেশি সময় লেগেছে। কর্মহীনদের ৮১ শতাংশ জানিয়েছেন, তাঁদের অর্জিত দক্ষতার সঙ্গে চাকরির বাজারের চাহিদার কোনো মিল নেই। এ ছাড়া ৫৫ শতাংশ স্নাতক পুরোনো যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ নেওয়াকে কর্মসংস্থানের পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন এবং ৫৮ শতাংশকে চাকরিতে টিকে থাকতে সনদ অর্জনের পরও অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হয়েছে। চাকরিতে যুক্ত ব্যক্তিদের মধ্যে বেতন নিয়ে সন্তুষ্ট মাত্র ৪৪ শতাংশ।

প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের জরিপেও প্রশিক্ষণের মান নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠানপ্রধান পর্যাপ্ত ল্যাব ও ওয়ার্কশপের অভাব এবং ৭৭ শতাংশ প্রশিক্ষিত শিক্ষকের সংকটের কথা জানিয়েছেন। অন্যদিকে ৯০ শতাংশ শিক্ষক মনে করেন, শিল্প খাতের চাহিদার সঙ্গে তাল মেলাতে পাঠ্যক্রম দ্রুত হালনাগাদ করা জরুরি।

গবেষণার পর্যবেক্ষণে বলা হয়েছে, কেবল প্রতিষ্ঠান ও আসনসংখ্যা বাড়িয়ে দক্ষ জনশক্তি তৈরি সম্ভব নয়। এ খাতে বিনিয়োগ বৃদ্ধি, দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ, আধুনিক ল্যাব স্থাপন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরি করতে হবে। শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত পুরো ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা না গেলে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা কঠিন হয়ে পড়বে।

এসএইচ 

Link copied!