ছবি: প্রতিনিধি
মহান স্বাধীনতার মাসকে ঘিরে চট্টগ্রামে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা-২০২৬। মঙ্গলবার বিকেল চারটায় নগরের কাজীর দেউড়ি জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে মেলার উদ্বোধন হবে। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ১২৯টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে ৩৫টি ডাবল স্টল এবং ৯৪টি সিঙ্গেল স্টল রয়েছে। চট্টগ্রাম ও ঢাকার মোট ১১২টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিচ্ছে।
সোমবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং ছুটির দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বীর চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এ আয়োজন।
মেলায় প্রতিদিন থাকছে নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক আয়োজন। এর মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, শিশু ও যুব উৎসব, মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান, কবিতা ও ছড়া উৎসব, আলোচনা সভা এবং লোকজ ও নৃগোষ্ঠী সংস্কৃতি বিষয়ক আয়োজন। প্রতিদিনের আলোচনা সভায় দেশের বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
এসএইচ







































