• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাংবাদিক ফখরুল ইসলামকে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জেজেইউ‍‍`র


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৬, ০১:৫৪ পিএম
সাংবাদিক ফখরুল ইসলামকে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জেজেইউ‍‍`র

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানের ভিডিও ধারণের সময় দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া প্রধান, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সভাপতি ও জুলাই জার্নালিস্টস ইউনিটির (জেজেইউ) সম্মানিত সদস্য সাংবাদিক ফখরুল ইসলামের মোবাইল ফোন কেড়ে নেওয়া, তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্টস ইউনিটি (জেজেইউ)।

বুধবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ বিষয়ে ফখরুল ইসলাম মিডিয়াকে বলেন, ফুটপাত উচ্ছেদ অভিযানের ভিডিও ধারণের সময় দারুস সালাম থানা পুলিশের এক সদস্য তাঁর সাংবাদিক পরিচয় জানার পরও মোবাইল ফোন কেড়ে নেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলেও মোবাইল ফোন ফেরত না দিয়ে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। একপর্যায়ে পুলিশের গাড়ির চালক তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

জেজেইউ মনে করে, সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে তথ্য ও ভিডিও ধারণ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। এ দায়িত্ব পালনের সময় তাঁদের বাধা দেওয়া, ব্যবহৃত ডিভাইস কেড়ে নেওয়া কিংবা শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত অধিকার চর্চার পরিপন্থী।

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা। সেই চেতনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপদে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। সাংবাদিকতার কাজে কোনো আইনগত আপত্তি থাকলে তা যথাযথ আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে; কোনোভাবেই দুর্ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন কিংবা শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উপেক্ষা করা যায় না।

জুলাই জার্নালিস্টস ইউনিটি (জেজেইউ) এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হেনস্তার শিকার ফখরুল ইসলামের মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানাচ্ছে। একই সঙ্গে জেজেইউ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছে।

এসএইচ 

Link copied!