• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক তৌফিক ইমরোজ আর নেই


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২, ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক তৌফিক ইমরোজ আর নেই

ফাইল ছবি

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহকর্মীদের সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য কদিন আগেই লন্ডনে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে হোটেলের কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকরা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের ডিজিটাল সাংবাদিকতার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। ২০০৬ সালে তাঁরই নেতৃত্বে যাত্রা শুরু করেছিল দেশের প্রথম প্রজন্মের প্রধান অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি দেশের অনলাইন সাংবাদিকতার ভিত্তি মজবুত করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন।

সাংবাদিকতা পেশার সম্প্রচার, মুদ্রণ ও ডিজিটাল-এই তিন মাধ্যমেই তাঁর কাজের দীর্ঘ অভিজ্ঞতা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠা করার আগে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা ও সম্পাদকীয় ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। পাশাপাশি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সংবাদমাধ্যম বিবিসি-তে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছেন। আন্তর্জাতিক বিষয়, রাজনীতি, অর্থনীতি ও উন্নয়নমূলক সাংবাদিকতায় তাঁর অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া ২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় আইসিটি পুরস্কারের ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ অর্জন করেন।

একজন বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বের প্রয়াণে দেশের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ এবং বিশিষ্টজনেরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এসএইচ 

Link copied!