ফাইল ছবি
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাবির এক শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সানিম (২০২৩-২৪ শিক্ষাবর্ষ, বোটানি বিভাগ)। তিনি অমর একুশে হলের আবাসিক ছাত্র, তাকে ঢামেকের কয়েকজন চিকিৎসক মিলে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের দাবি, সানিমের ওপর হামলার খবর পেয়ে অমর একুশে হল থেকে একদল শিক্ষার্থী হাসপাতালে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
পিএস







































