ছবি : সংগৃহীত
ঢাকা: ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান ও ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। এই হামলায় গুরুতর আহতদের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে এই হামলা চালানো হয়।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহত বাংলাদেশিদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মোমিন মিয়া এবং অন্যজন নরসিংদীর জয়েনা আক্তার। ভয়াবহ এই বিস্ফোরণে জয়েনা আক্তারের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে নাবাতিহ এলাকার রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে চালানো ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ-এর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। তারা ভোরে নিরাপদ আশ্রয়ের খোঁজে আদলুন মহাসড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলার শিকার হন।
পিএস







































