• ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাজেটে প্রবাসীদের জন্য বড় সুখবর ‘প্রবাসী কার্ড’ 


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২৬, ০৯:৩৫ পিএম
বাজেটে প্রবাসীদের জন্য বড় সুখবর ‘প্রবাসী কার্ড’ 

ফাইল ছবি

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা প্রবাসীকল্যাণ সেবা, বিমা, ব্যাংকিং সুবিধা ও জরুরি সহায়তা একক প্ল্যাটফর্মে পাবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার এ উদ্যোগ নিচ্ছে। প্রবাসীরা এক কার্ডের মাধ্যমেই বিভিন্ন সরকারি সেবা ও আইনি সহায়তা গ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসী আয় প্রবাহ স্থিতিশীল রাখতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, সরকার নতুন শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে। রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং নর্থ মেসেডোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের সময় প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক গতি এসেছে। তিনি জানান, গত মার্চ মাসে প্রবাসী আয় ৩৭৫ কোটি ডলারে পৌঁছায়, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সরকার বাজারভিত্তিক প্রশিক্ষণ ও নতুন পাঠ্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। বিদেশে উচ্চ চাহিদাসম্পন্ন খাতগুলোতে দক্ষ জনশক্তি তৈরির জন্য বিশেষ কোর্স চালুর কাজ চলছে।

অর্থমন্ত্রীর মতে, প্রবাসী আয়ের প্রবাহ ধরে রাখা এবং নতুন শ্রমবাজার তৈরি করা আগামী অর্থবছরের অর্থনৈতিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এসএইচ 

Link copied!