• ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতের ভোটের ৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার


নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২৬, ১১:১৩ পিএম
রাতের ভোটের ৩৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

 
পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। তাদের মধ্যে দুজন গ্রেপ্তার আছেন এবং অনেকেই পলাতক। আওয়ামী লীগ সরকারের সময়ে এই কর্মকর্তাদের অনেকে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বে ছিলেন।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও ডিআইজি মো. সাইফুল ইসলাম বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তার হওয়ার আগে মোল্যা নজরুল রাজশাহীর সারদায় ও সাইফুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন। বাকি ৩১ জন ছিলেন পুলিশের বিভিন্ন ইউনিটে।

এর মধ্যে সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ছিলেন ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ, ডিআইজি মো. ইলিয়াছ শরীফ, ডিআইজি মো. মনিরুজ্জামান ও অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক মোল্যা।

রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত ছিলেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীর, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় কুমার কুন্ডু, অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহার, অতিরিক্ত ডিআইজি সাইফুল্লাহ আল মামুন ও অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম।

রাজশাহীর সারদায় সংযুক্ত ছিলেন ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খান, ডিআইজি মইনুল হক, অতিরিক্ত ডিআইজি মো. বরকতুল্লাহ খান ও অতিরিক্ত ডিআইজি টি. এম. মোজাহিদুল ইসলাম।

চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত ছিলেন ডিআইজি জিহাদুল কবির, ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, ডিআইজি মো. জাকির হোসেন খান ও অতিরিক্ত ডিআইজি মোল্লা জাহাঙ্গীর হোসেন।

ডিআইজি শ্যামল কুমার নাথ, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, অ্যান্টি টেরোরিজম সংযুক্ত ডিআইজি মো. জামিল হাসান ও অতিরিক্ত ডিআইজি এস এম এমরান হোসেন এপিবিএনে সংযুক্ত ছিলেন।

খুলনা রেঞ্জে সংযুক্ত ছিলেন ডিআইজি মো. মাহবুবুর রহমান ও অতিরিক্ত ডিআইজি মো. সাজিদ হোসেন। অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান সংযুক্ত ছিলেন বরিশাল রেঞ্জে।

রাজশাহী রেঞ্জে সংযুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোহা. মনিরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মো. মেহেদুল করিম, অতিরিক্ত ডিআইজি খান মুহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত ডিআইজি মো. মাশরুকুর রহমান খালেদ।

রংপুর পিটিসিতে সংযুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসান। আর ময়মনসিংহ রেঞ্জ অফিসে সংযুক্ত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ।

সরকারি চাকরি আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে (বাধ্যতামূলক অবসর) পাঠাতে পারে।

অবসরে পাঠানো এসব পুলিশ কর্মকর্তার বেশির ভাগ ২০১৮ সালের নির্বাচনে বিভিন্ন জেলায় এসপির দায়িত্বে ছিলেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। বিরোধিরা সে নির্বাচনের নাম দেয় ‘নিশিরাতের নির্বাচন’।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর ক্ষমতায় এসে ভোটের কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এম

Link copied!