• ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, আন্দোলনকারী শিফা আটক


নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২৬, ০৭:৪৬ পিএম
সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, আন্দোলনকারী শিফা আটক

ছবি: সংগৃহীত

ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে প্রতীকী ‘ভাতের হোটেল’ চালু করে বিক্ষোভ প্রদর্শনের সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (৫ জুলাই) দুপুরে সচিবালয়ের সামনে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করার সময় তাকে আটক করা হয়। একই সঙ্গে সচিবালয়ের সামনে থেকে তার বসানো প্রতীকী ভাতের হোটেলটি সরিয়ে দেয় পুলিশ। এদিকে আটকের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, পথচারীদের চলাচলে চরম ভোগান্তি, নারী হয়রানি এবং ঢাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের প্রতিবাদে দীর্ঘদিন ধরে কর্মসূচি পালন করে আসছেন সোহানী শিফা। তারই ধারাবাহিকতায় আজ এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি নেন তিনি।

এর আগে, গত ৯ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ শিরোনামে এই আন্দোলন শুরু করেন সোহানী শিফা। এরপর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তিনি জনসচেতনতা ও গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে আসছিলেন। আন্দোলন করতে গিয়ে গত ৭ জুন গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকারও হয়েছিলেন এই আন্দোলনকর্মী।

এসএইচ 

Link copied!