• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে কাজ করবে কংক্রিট ব্লক শিল্প


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০২৬, ০৮:১৫ পিএম
পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে কাজ করবে কংক্রিট ব্লক শিল্প

ছবি : প্রতিনিধি

ঢাকা: জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর বিস্তার বাড়াতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতি (বিসিবিএমএ)।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে বিসিবিএমএ-র এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। সংগঠনের সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের কংক্রিট ব্লক শিল্পের বর্তমান চিত্র, এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা ও প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এ শিল্পের উদ্যোক্তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোকপাত করা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের নেতারা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস এবং উর্বর কৃষিজমি রক্ষায় পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের ব্যবহার বাড়ানো সময়ের দাবি। পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকারের যে অঙ্গীকার, তা বাস্তবায়নে কংক্রিট ব্লক শিল্প গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত।

সমিতির নেতারা আশা প্রকাশ করেন, সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুতই দেশে পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তির প্রসার ঘটবে। একটি সবুজ, আধুনিক ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে এ শিল্প আগামীতে বড় ভূমিকা রাখবে বলেও বক্তারা উল্লেখ করেন।

পিএস

Link copied!