ছবি : সংগৃহীত
ঢাকা: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে এবং সঠিক আইনের পথ ধরেই দেশ পরিচালিত হচ্ছে।
এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত।
পিএস







































