• ঢাকা
  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদ্রাসা শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে যা বলছে মন্ত্রণালয়


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২৬, ০৫:২৩ পিএম
মাদ্রাসা শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে যা বলছে মন্ত্রণালয়

ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, তাকে নিছক 'গুজব' বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

এর আগে মঙ্গলবার দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে খবর ছড়িয়ে পড়ে যে, নবম পে-স্কেল অনুযায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ১ হাজার ১৯০ কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ১ হাজার ৯৩৩ কোটি টাকা অতিরিক্ত লাগবে বলে একটি চিঠি পাঠানো হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, মাদ্রাসা অধিদপ্তরের তথ্য পাওয়া গেলেও এখনো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত যে অর্থের প্রয়োজন, সেই হিসাব পাওয়া যায়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে হিসাব বিবরণী পাওয়ার পর অর্থ বিভাগে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে সংস্থাটির রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা থেকে। জানতে চাইলে এই শাখার উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে।

মাদ্রাসা এবং কারিগরির জন্য পৃথক চিঠি পাঠানো হবে নাকি একসঙ্গে চিঠি পাঠানো হবে—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দুই অধিদপ্তরের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে একটি চিঠি পাঠানো হবে। কারিগরি অধিদপ্তরের হিসাব এখনো পাওয়া যায়নি।

এসএইচ 

Link copied!