ছবি: সংগৃহীত
জাপানের বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করেও জয় এনে দিতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। শেষ মুহূর্তে গোল হজম করে সেলেসাওদের হার মানতে হয়েছিল। তবে আজ সিঙ্গাপুরের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ভিনির দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই বড় জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সঙ্গী হয়ে থাকা 'সেভেন-আপ' বা ২০১৪ বিশ্বকাপের ৭-১ গোলের দুঃস্বপ্নের ভূত যেন এক প্রকার তাড়াতে সক্ষম হলো সেলেসাওরা।
সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরুতেই ভিনির নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের পাস থেকে নবম মিনিটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। এর মাত্র ছয় মিনিট পর এন্দ্রিকের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
আর ২১ মিনিটে এস্তেভাওয়ের পাস থেকে নিজের তৃতীয় গোলটি করে জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। মাত্র ২০ মিনিটের মধ্যেই তিন গোল করে ম্যাচের চালিকাশক্তি গড়ে দেন তিনি।
প্রথমার্ধেই চালকের আসনে বসে পড়ে ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে এস্তেভাওয়ের বাড়ানো পাস থেকে বল জালে পাঠান এন্দ্রিক। এর ফলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে সফরকারীরা। দ্বিতীয়ার্ধে এস্তেভাও, রায়ান এবং সিঙ্গাপুরের একটি আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান আরও বড় হয়। বড় এই জয়ের মাধ্যমে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুমের ইতি টানল ব্রাজিল।
এসএইচ







































