ছবি: সংগৃহীত
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে মত, পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা ও সমান অধিকার নিশ্চিত হবে। আজকের আলোচনায় সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ঘটেছে।
বৈঠকে এনসিপির পক্ষে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ এবং বিভিন্ন মত ও পথের মানুষ এক হয়েছিল। তখন কারও রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনায় নেওয়া হয়নি। সবাই এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে এক হয়েছিলেন, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা থাকবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে।
তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বিশেষ করে দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলোতে সবাইকে একমত হতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের আলোচনায় দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
পিএস







































