• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি দাবি ড. ইউনূসের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০২৬, ০৭:০৯ পিএম
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি দাবি ড. ইউনূসের

ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধের আহ্বান জানিয়ে এসব ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড.ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকেই প্রায় প্রতিদিনই এ ধরনের হামলার ঘটনা ঘটছে এবং হামলাকারীরা ঘটনার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, ‘হামলার ধরন দেখে মনে হচ্ছে, ওপরের মহল থেকে কেউ হামলাকারীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দিচ্ছে।’

ড.ইউনূস এসব হামলাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক দরিদ্র মানুষ, যাদের বড় অংশই নারী—এবং দারিদ্র্য জয়ে মানুষের পাশে দাঁড়ানোর ভূমিকার জন্য প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিভিন্ন দেশে গৃহীত হয়েছে এবং দারিদ্র্য কাটিয়ে উঠতে, নারীদের সম্মানজনক জীবনযাপনে, অর্থনীতিতে অংশ নিতে এবং সন্তানদের শিক্ষিত করে তুলতে সহায়তার জন্য এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

বিবৃতি অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী, আর এর ঋণ আদায়ের হার ৯৫ শতাংশেরও বেশি।

ড.ইউনূস বলেন, ‘এই দরিদ্র নারী ঋণগ্রহীতারাই গ্রামীণ ব্যাংকের মালিক। তাই ব্যাংকের ওপর হামলা মানে তাদের নিরাপত্তা, স্বনির্ভরতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত হানা।

তিনি বলেন, বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। অন্যদিকে, এই সহিংসতা গ্রামের লাখো নারীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে, যাঁরা পরিবার চালানো, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন চাহিদা মেটাতে এই ব্যাংকের ওপর নির্ভর করেন।

ড. ইউনূস বলেন, হামলাগুলো কেবল গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর উদাহরণ হিসেবে তিনি জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে ভূমিকা রাখা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করেন।

তিনি বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় হামলার ঘটনার কথাও উল্লেখ করেন।

ড.ইউনূস অভিযোগ করেন, হামলাকারীরা এই সহিংসতাকে ন্যায্যতা দিতে ভুল তথ্য ছড়াচ্ছে। যার মধ্যে তিনিই গ্রামীণ ব্যাংকের মালিক এবং এটি পরিচালনা করেন- এমন দাবিও রয়েছে।

তিনি জানান, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা, আর বাকি ১০ শতাংশ সরকারের অধীনে রয়েছে।

তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয় এবং এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা কার্যক্রমের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও যোগ করেন, গ্রামীণ ব্যাংকে আমার কোনো শেয়ার নেই, কখনো ছিলও না।

ড. ইউনূস জানান, ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করতে এবং দরিদ্র নারীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে।

যেসব এলাকায় হামলা হয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান। তবে সব অপরাধীকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে, যাঁরা সর্বোচ্চ পর্যায় থেকে এসব হামলার পরিকল্পনা করছেন ও চালাচ্ছেন, তাঁদের এই কর্মকাণ্ড পুনর্বিবেচনা করতে বোঝানোর জন্য বিশ্বজুড়ে থাকা গ্রামীণ ব্যাংকের শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা কেবল একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; বরং এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়া এবং লাখো মানুষের জীবনে মর্যাদা ফিরিয়ে আনার বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টার ওপর সরাসরি হামলা।

পিএস

Link copied!