• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু


রাজশাহী ব্যুরো এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৪৪ পিএম
রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশ জানায়, ধান কাটার কাজ শেষে আরও কয়েকজনের সঙ্গে বুধবার রাতে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন শফিকুল ইসলাম। রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী শহরের বর্নালী মোড় এলাকা অতিক্রম করার সময় ঝোড়ো হাওয়া শুরু হয়। এ সময় রেললাইনের পাশের একটি গাছের ডালের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এসএইচ 

Link copied!