• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬, ০৬:৩৯ পিএম
বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন তামিম ইকবাল

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আসন্ন বিসিবি নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন। তবে নির্বাচনের আগে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তামিম বলেন, গঠনতন্ত্র যা অনুমোদন দেবে তিনি সেটিই অনুসরণ করবেন এবং অ্যাড-হক কমিটি থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তাও তার নেই।

অ্যাড-হক কমিটির দায়িত্ব অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করা হবে। তিনি জানান, রোববার (৩ মে) বোর্ড সভায় নির্বাচন সংক্রান্ত তারিখসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের ক্রিকেট কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তামিমের মতে, বর্তমান ব্যবস্থায় দ্বিতীয় ও তৃতীয় স্তর থেকে জাতীয় দলে উঠে আসার সুযোগ সীমিত হয়ে গেছে, যা পরিবর্তন করা জরুরি।

এই সমস্যা সমাধানে নতুন একটি কাঠামোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সেকেন্ড ইলেভেন নামে একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এতে ১৫০ থেকে ২০০ জন নতুন ক্রিকেটার নিয়মিত খেলার সুযোগ পাবেন এবং ম্যাচগুলো তিন দিনের ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

তামিম আরও বলেন, এই ব্যবস্থায় পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের সুযোগ দেওয়া সহজ হবে। কোনো খেলোয়াড় খারাপ করলে তাকে বাদ না দিয়ে সেকেন্ড ইলেভেনে পাঠিয়ে পুনরায় সুযোগ তৈরির ব্যবস্থা থাকবে।

পিএস

Link copied!