• ঢাকা
  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরিদপুর বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমীর


ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৫২ এএম
ফরিদপুর বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমীর

আল্লাহ তায়ালার ইচ্ছা ও জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফরিদপুরের নামে আলাদা বিভাগ গঠন এবং বিভাগীয় শহরের মর্যাদায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হবে—এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “ফরিদপুর ঐতিহ্য, সম্ভাবনা ও সম্পদের দিক থেকে একটি সমৃদ্ধ জনপদ। অথচ বছরের পর বছর অবহেলা আর বৈষম্যের শিকার হয়ে এ অঞ্চল পিছিয়ে পড়েছে। আমরা ক্ষমতায় এলে ফরিদপুরের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো।”

তিনি নদী রক্ষা ও পরিবেশ পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “নদীগুলোকে হত্যা করে অনেক জায়গায় মরুভূমি তৈরি করা হয়েছে। আমরা সেই নদীগুলোর জীবন ফিরিয়ে দিতে চাই। নদী বাঁচলে কৃষি বাঁচবে, মানুষ বাঁচবে।”

ফরিদপুর মেডিকেল কলেজের প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, “মেডিকেল কলেজ আছে, কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নেই। মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হয়। আমরা ফরিদপুর মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “ফরিদপুরে বিপুল পরিমাণ পাট উৎপাদন হলেও একের পর এক পাটকল বন্ধ হয়ে গেছে। আমরা শিল্প বন্ধ নয়, শিল্প চালু করতে চাই। যেখানে কৃষিপণ্য বেশি উৎপাদন হয়, সেখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

যুব সমাজকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, তাদের হাতে কাজ তুলে দিতে চাই। দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে আমাদের অগ্রাধিকার।”

রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। জামায়াত ইসলামের বিজয় নয়, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই শান্তিতে, নিরাপত্তায় ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।”

ফরিদপুর জেলা জামায়াত আমীর মাওলানা মো. বদরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এর মধ্যে ফরিদপুর-১ আসনে ডা. মো. ইলিয়াচ আলি মোল্লা (দাঁড়িপাল্লা), ফরিদপুর-২ আসনে মাওলানা শাহ আকরাম আলি (রিকশা), ফরিদপুর-৩ আসনে প্রফেসর আবদুত তাওয়াব (দাঁড়িপাল্লা), ফরিদপুর-৪ আসনে মাওলানা মো. সরোয়ার হোসেন (দাঁড়িপাল্লা), রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম (দাঁড়িপাল্লা), রাজবাড়ী-২ আসনে জামিল হিজাযী (শাপলা কলি) এবং মাদারীপুর-৩ আসনে রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা) উল্লেখযোগ্য।

সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এম

Wordbridge School
Link copied!