ফাইল ছবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ তাঁর চিকিৎসা চলছে।
শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং এর প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বিকেলে বলেন, সকালে করা সিটি স্ক্যানের রিপোর্ট সন্তোষজনক এসেছে এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা সার্বক্ষণিক তাঁকে পর্যবেক্ষণে রাখছেন।
এর আগে বুধবার ইফতারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চলছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে জরুরি অস্ত্রোপচার করা হয়।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে অন্তত ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
চিকিৎসা বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন।
এসএইচ







































