ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের মারধরের শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অতীতে ছাত্রলীগের সময়ও এমন সহিংসতার মুখে পড়তে হয়নি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাকসু ভিপি সাদিক কায়েমকে এ কথা জানান তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে হামলার শিকার হন জুবায়ের ও ডাকসুর আরেক নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে তাদের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরাই এ হামলায় জড়িত। যদিও এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হামলার পর আহত দুই নেতাকে দ্রুত উদ্ধার করে শাহবাগ থানার ভেতরে নেওয়া হয়। এ সময় থানার সামনে বিক্ষুব্ধ জনতা ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে জুবায়ের ও মুসাদ্দিককে শাহবাগ থানা সংলগ্ন জামে মসজিদের ফটক দিয়ে বের করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম







































