ফাইল ছবি
দেশে অরাজকতা, শিশু নির্যাতন ও সীমান্ত সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যমান থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ইস্যু নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জাতীয় সমস্যাগুলো সমাধানে সরকারের অধিক মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১০ জুন) রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেলিম উদ্দিন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ সময় মহানগরীর কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদ উপস্থিত ছিলেন।
সেলিম উদ্দিন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে ইসলামী ব্যাংক সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, তা দুঃখজনক। তাঁর অভিযোগ, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ছাড়াই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী সম্পর্কে করা মন্তব্যেরও সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দায়িত্বশীল অবস্থান থেকে তথ্যভিত্তিক বক্তব্য দেওয়া উচিত।
ইসলামী ব্যাংককে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, এ প্রতিষ্ঠানকে ঘিরে অস্থিরতা সৃষ্টি করা বা নেতিবাচক বার্তা দেওয়া অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে। তাঁর ভাষ্য, ইসলামী ব্যাংক দুর্বল হয়ে পড়লে তার প্রভাব জাতীয় অর্থনীতির ওপরও পড়বে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুশ-ইন ইস্যু এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সব রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে। ইসলামী ব্যাংক ইস্যুতে সময় ব্যয় না করে সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বাজেট প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; এর মূল লক্ষ্য হওয়া উচিত বাস্তবায়ন নিশ্চিত করা। করের হার বৃদ্ধি না করে কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, অতীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির নামে ব্যাপক অপচয় ও অনিয়ম হয়েছে। এসব অনিয়ম বন্ধ করে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর জলাবদ্ধতা সমস্যা নিয়েও কথা বলেন সেলিম উদ্দিন। তিনি বলেন, প্রতি বর্ষায় ঢাকার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়। সড়ক খোঁড়াখুঁড়ি ও সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এ সমস্যা আরও তীব্র হয়েছে। বাজেটের সঠিক ব্যবহার ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে রাজধানীকে জলাবদ্ধতা থেকে অনেকাংশে মুক্ত করা সম্ভব।
সিটি করপোরেশন নির্বাচন না হওয়ায় নগরবাসী প্রত্যাশিত সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নগর পরিচালনায় নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান সেলিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দলের প্রয়োজন রয়েছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও কার্যকর বিরোধী রাজনৈতিক শক্তি গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।
এসএইচ







































