• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুনর্গঠনের পথে হাঁটছে ইসলামী আন্দোলন, শীর্ষ পদে রদবদল


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২৬, ০৫:২৬ পিএম
পুনর্গঠনের পথে হাঁটছে ইসলামী আন্দোলন, শীর্ষ পদে রদবদল

ফাইল ছবি

কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হতে এখনো ছয় মাস বাকি। তবে এর আগেই কমিটি ভেঙে মহাসচিবসহ শীর্ষস্থানীয় পদগুলোয় বড় রদবদল আনতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলটি এই আগাম পুনর্গঠনের পথে হাঁটছে। আগামীকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠেয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে গঠিত বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার পর দলের কিছু সাংগঠনিক দুর্বলতা ও নির্বাচনী ব্যবস্থাপনার ঘাটতি সামনে আসে। তাই স্থানীয় সরকার নির্বাচনের আগেই নতুন নেতৃত্বকে মাঠে নামাতে চায় হাতপাখা প্রতীক নিয়ে লড়া এই দলটি। শুরার বৈঠকেই বর্তমান কমিটি বিলুপ্ত করে নায়েবে আমির, মহাসচিবসহ গুরুত্বপূর্ণ পদে নতুন নাম ঘোষণা করা হতে পারে।

২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্বে থাকা মাওলানা ইউনুছ আহমাদের পদে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। নতুন মহাসচিব হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে। এ ছাড়া প্রেসিডিয়াম ও সচিব পর্যায়ে অপেক্ষাকৃত তরুণ ও নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের সামনে আনার পরিকল্পনা চলছে।

দলীয় নেতারা জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধু নেতৃত্বে পরিবর্তন নয়, বরং ইসলামী আন্দোলনকে একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে সত্যিকার অর্থেই কার্যকর রাজনৈতিক ও নির্বাচনী শক্তিতে রূপান্তর করা। সংসদ নির্বাচনে প্রায় ২২ লাখ ভোট পাওয়াকে সম্ভাবনার ভিত্তি ধরে সংগঠনকে আরও গতিশীল করতেই এই আগাম পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএইচ 

Link copied!