‘সরকারের পক্ষে গেলে বিপ্লব, না গেলে গণআন্দোলন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ ৭ নভেম্বর ঐতিহাসিক দিন। আমরা ৭ নভেম্বরকে বিপ্লব মনে করি, ২০২৪ সালকেও বিপ্লব মনে করি। সরকারের পক্ষে গেলে বিপ্লব, না গেলে গণআন্দোলন।’
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে কেউ দেশে আসতে চাচ্ছে। আমরা প্রস্তুত আছি। ডিসেম্বরে কোনও আপার এ দেশে আসার সুযোগ নেই, আমরা প্রস্তুত আছি।’
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আগেরবার আমরা অনেক দয়া দেখিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমরা ভেবেছিলাম ন্যায়বিচার পাব। কিন্তু বিচার পাইনি। মানুষ ন্যায়বিচার না পেলে নিজেরাই আইন হাতে তুলে নেয়।’
নোবিপ্রবি শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাষ্ট্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেও শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট দূর করতে পারেনি। এসব সমস্যা সমাধানে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।’
তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পুরোনোদের রাজনীতি শেষ, এখন তরুণদের রাজনীতি করতে হবে। কিছু তরুণ ক্লাসরুম থেকে সংসদে গিয়ে কথা বলছে।’ সুযোগ পেলে নোবিপ্রবির সমস্যা ও শিক্ষার্থীদের দাবিগুলো জাতীয় সংসদে তুলে ধরবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম







































