• ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরান ও ফিলিস্তিনের পক্ষে জেডিপির ‘আজাদি পতাকা মিছিল’


নিউজ ডেস্ক জুলাই ৪, ২০২৬, ১১:০৬ পিএম
ইরান ও ফিলিস্তিনের পক্ষে জেডিপির ‘আজাদি পতাকা মিছিল’

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শনিবার সন্ধ্যায় খামেনি, ইরান ও ফিলিস্তিনের পক্ষে ‘আজাদি পতাকা মিছিল’ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ ইমাম খামেনির দাফন কার্যক্রম শুরু উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানানো, ইরানের বিজয় উদযাপন এবং ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত। তারা সামরিক আগ্রাসন, দখলদারত্ব ও নিরীহ মানুষের প্রাণহানির নিন্দা জানিয়ে এসবের অবসানের আহ্বান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। সেই চেতনা থেকেই বিশ্বের নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব। তারা ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাধানের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বাংলাদেশের প্রতি দিল্লির আগ্রাসী নীতির সমালোচনা করে বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে গড়ে উঠতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীনসহ অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানান তারা।

পরে বাংলাদেশ, ইরান ও ফিলিস্তিনের পতাকা হাতে একটি মিছিল জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

জেডিপির এই কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার যুগ্ম সদস্যসচিব লায়ন উমার রাজী, জনজোটের আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী, গ্রিন পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আম্মার, জনতার দলের যুগ্ম সদস্যসচিব স্বনাম ফুয়াদ, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্যসচিব ডা. নাবিল আহমাদ প্রমুখ।

এম

Link copied!