• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিলুফার মনির টকশোর বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল, বক্তব্য প্রত্যাখ্যান


নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০২৬, ০৬:৩৯ পিএম
নিলুফার মনির টকশোর বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল, বক্তব্য প্রত্যাখ্যান

ফাইল ছবি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে এক টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাঁর এই বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে ছাত্রদল সভাপতি বলেন, প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ।

নিলুফার চৌধুরী মনির অতীত রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে রাকিবুল ইসলাম আরও বলেন, আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আর বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং এতে মানুষের হতাহতের প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করেন নিলুফার চৌধুরী মনি। তাঁর সেই বক্তব্যের পরই ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব থেকে এই আনুষ্ঠানিক ও কঠোর প্রতিক্রিয়া এল।

এসএইচ 

Link copied!