• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাওনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জেডিপির


নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০২৬, ০৫:২৪ পিএম
শাওনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জেডিপির

ছবি: সংগৃহীত

ভারতের একটি গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রকাশের পর অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যকে উস্কানিমূলক দাবি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির দাবি, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শাওনের বক্তব্য উস্কানিমূলক এবং জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর।

সকালে (২ জুলাই) মধুর ক্যান্টিনে ‘মেহের আফরোজ শাওনের জুলাইবিরোধী অবস্থান ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় জেডিপি। ১ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জুলাই মাসের সূচনাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লেখেন, “আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…”। এর প্রেক্ষিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাঈম আহমাদ বলেন, সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রকাশের কয়েকদিনের মাথায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানবিরোধী বিতর্কিত মন্তব্য করেছেন। ফলে এ ঘটনাকে নিরীহ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, যাতে দেশে স্থিতিশীলতা ফিরে না আসে।

জেডিপির আহ্বায়ক আরও বলেন, শাওনকে জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় অন্তর্বর্তী সরকার তাঁকে মুক্তি দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের একটি অংশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রকল্পের অংশ হিসেবেই তাঁকে মুক্তি দিয়েছিল বলে গুঞ্জন ছিল। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে সেই ষড়যন্ত্র ভেস্তে যায়। তখন যদি তাঁকে যথাযথভাবে আইনের আওতায় আনা হতো, তাহলে তিনি এখন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এ ধরনের আপত্তিকর মন্তব্য করার সাহস পেতেন না। বর্তমান সরকারের কেউ যদি তাঁকে কেন্দ্র করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো প্রকল্প হাতে নিয়ে থাকে, তবে তা বুমেরাং হবে।

নাঈম আহমাদ বলেন, মেহের আফরোজ শাওনকে বয়কট করা সকল দেশপ্রেমিক ও মানবিক বোধসম্পন্ন মিডিয়া হাউস ও প্রতিষ্ঠানের কর্তব্য। যদি কোনো প্রতিষ্ঠান এ ধরনের গর্হিত কাজ করে, তবে তাদের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ হয়ে উঠতে পারে। তখন সেই ক্ষোভকে মব আখ্যা দিয়েও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সরকারকে বিপদে ফেলতেই শাওন এমন তৎপরতা শুরু করেছেন বলেও তিনি মন্তব্য করেন। মেহের আফরোজ শাওন ও সফট আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে নাঈম আহমাদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের গন কেস, তিনি আর ফিরবেন না। ফলে আপনারাও #জুলাইCDI-ও করতে পারবেন না। আওয়ামী লীগ মোকাবিলার প্রশ্নে দেশবাসী এখনো ঐক্যবদ্ধ।

জেডিপির সদস্য সচিব এডভোকেট আব্দুল আলিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান সংগঠক মো; আহছান উল্লাহ, যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বির, নাজমুন নাহার হাফসা, ইয়াসিন আরাফাত রাজ, কেন্দ্রীয় সদস্য শেহনাজ রশিদ খান, আবদুল হামিদ এবং জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান শরীফ প্রমুখ।

এসএইচ

Link copied!