চাঁদের পথে ‘আর্টেমিস-২’, মহাকাশ থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি পাঠাল নভোচারীরা
চাঁদের উদ্দেশে যাত্রারত আর্টেমিস-২ মিশনের নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর উচ্চ রেজল্যুশনের ছবি পাঠিয়েছেন। ছবিগুলো তুলেছেন মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলে জানিয়েছে নাসা।
চাঁদের পথে যাত্রার গুরুত্বপূর্ণ ধাপ ‘ট্রান্স-লুনার ইনজেকশন বার্ন’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এসব ছবি ধারণ করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ওরিয়ন মহাকাশযান পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে চাঁদের পথে অগ্রসর হয়।
প্রথম প্রকাশিত ছবিটির নাম দেওয়া হয়েছে ‘হ্যালো ওয়ার্ল্ড’। এতে নীলাভ আটলান্টিক মহাসাগর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সূর্যালোক আংশিক আড়াল হয়ে যাওয়ায় পৃথিবীর বায়ুমণ্ডল একটি উজ্জ্বল রেখার মতো ফুটে উঠেছে। একই সঙ্গে দুই মেরু অঞ্চলে সবুজ আভায় মেরুজ্যোতি বা অরোরা-র মনোরম দৃশ্য ধরা পড়েছে।
ছবিতে পৃথিবীকে কিছুটা উল্টো অবস্থায় দেখা যায়। একদিকে পশ্চিম সাহারা মরুভূমি ও আইবেরীয় উপদ্বীপ, অন্যদিকে দক্ষিণ আমেরিকার পূর্বাংশ দৃশ্যমান। পাশাপাশি একটি উজ্জ্বল গ্রহও শনাক্ত করা হয়েছে, যা আসলে শুক্র গ্রহ।
বর্তমানে চার নভোচারী পৃথিবী থেকে প্রায় ২ লাখ মাইল দূরে অবস্থান করছেন এবং একটি লুপ আকৃতির পথে চাঁদের চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরবেন। ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ মিশনের পর এই প্রথম মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে এত দূর ভ্রমণ করছেন।
মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন জানান, ইঞ্জিন বার্নের পর নভোচারীরা যেন জানালার সঙ্গে লেগে থেকে একের পর এক ছবি তুলছিলেন। এমনকি মহাকাশের সৌন্দর্য দেখতে গিয়ে জানালাগুলোও কিছুটা ময়লা হয়ে যায়!
নাসা জানিয়েছে, ৬ এপ্রিল নভোচারীরা চাঁদের দূরবর্তী অংশ অতিক্রম করবেন এবং সব কিছু ঠিক থাকলে ১০ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন।
নাসার ভাষায়, “দশকের পর দশক পেরিয়ে গেলেও মহাকাশ থেকে আমাদের এই নীল গ্রহের সৌন্দর্য একটুও কমেনি।”
এম







































